চট্রগ্রামে কৃতিত্ব অর্জনকারী কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও বিশেষ উপহার প্রদান
- Update Time : ০৬:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও বিশেষ উপহার প্রদান
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও মেধার বিকাশে চট্টগ্রামের রাউজানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি রাউজান উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কনিষ্ঠ পুত্র সাকের কাদের চৌধুরী।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক ও সমাজসেবক জে এ এম ইকবাল হাসান।
রাউজান আর্য্যমৈত্র ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাধব রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ এবং ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. কামাল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষার পাশাপাশি উৎসাহ ও অনুপ্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেন।




















