চলাফেরায় অক্ষম ব্যক্তি ককটেল বিস্ফোরণ মামলার আসামি, দাবি স্ত্রীর
- Update Time : ০৮:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ২ Time View

যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এক আসামি শারীরিকভাবে অসুস্থ ও চলাফেরায় অক্ষম বলে দাবি করেছেন তার স্ত্রী রানি বেগম।
রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও হয়রানির উদ্দেশ্যে তার স্বামীকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি ওই নারীর।
স্বামীর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বামী জাহিদুল ইসলাম তানভীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রানি বেগম। এ সময় তিনি স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে রানি বেগম জানান, তার স্বামী চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছের ব্যবসা করে সংসার চালান। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
২০২৫ সালের ৫ আগস্টের পর একটি ঘটনায় তাকে বাড়ির সামনে থেকে একটি বাহিনীর সদস্যরা আটক করে মারধর করেন। পরে তাকে ও তার মাকে থানায় নেওয়া হয়। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না পাওয়ায় পরে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন রানি বেগম।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে মাছের ব্যবসার কাজে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান তানভীর। এতে তার বা পায়ের পেছনের লিগামেন্ট (পিসিএল) ছিড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।
আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না বলে জানান তার স্ত্রী।
এরই মধ্যে গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ২১ জনের সঙ্গে তানভীরকেও এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
রানি বেগমের দাবি, শারীরিকভাবে অসুস্থ এবং নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে অক্ষম একজন ব্যক্তির পক্ষে এ ঘটনায় জড়িত থাকা সম্ভব কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
তিনি আরও জানান, তানভীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের দুই ছেলে রয়েছে। স্বামীর অসুস্থতা, চিকিৎসার ব্যয় এবং মামলার কারণে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তানভীরের মা জেসমিন সুলতানা, খালা রেখা বেগম, চাচি ওহেদা বেগম, প্রতিবেশী লামিয়া সুলতানা এবং সাত বছর বয়সী ছেলে তাইয়ান রহমান।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তানভীরের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, তানভীরের বিরুদ্ধে ২০২৩ সালে একটি থানায় মাদকসংক্রান্ত মামলা হয়েছিল। ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।




















