শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন
- Update Time : ০২:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২৪ Time View

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, অনৈতিক অর্থ লেনদেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিতর্কিত নিয়োগ বাতিলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে কোনো ধরনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রাখা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা ও রাজনৈতিক বিবেচনায় বিতর্কিত ব্যক্তিদের সুযোগ করে দেওয়া হয়েছে।
শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরপেক্ষভাবে কাজ না করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দিচ্ছেন।
এমনকি তাদের জন্য সংসদ সদস্যের ডিও লেটার জোগাড়ের পেছনে কোনো প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা দরকার।”
বক্তারা প্রশ্ন তোলেন, কার ইশারায় ও কীভাবে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে? অনিয়ম ও রাজনৈতিক প্রভাবে নেওয়া এই সিদ্ধান্ত শাল্লার সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ স্থগিত করে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের জোর দাবি জানান তারা।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস বলেন, “সার ডিলার নিয়োগে স্থানীয় প্রশাসনের ভূমিকা খুব সীমিত।
আমরা শুধু নাম প্রস্তাব করে পাঠিয়েছি, মূল প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। এতে আমাদের নিজস্ব কোনো হাত নেই।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদল নেতা মো. রাব্বুল মিয়া, মো. সফি মিয়া, মো. বাবু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিতর্কিত এই ডিলার নিয়োগ বাতিল এবং ইউএনওকে প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।





















