শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও মহড়া অনুষ্ঠিত
- Update Time : ০৭:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার, অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা কার্যক্রমের ওপর ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে তাৎক্ষণিকভাবে কীভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও মানুষের জীবন রক্ষা করা যায়, তার বাস্তবচিত্র তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশেক ইলাহী মুন্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য এবং সিপিপির স্বেচ্ছাসেবকরা।বক্তারা বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘর থেকেই দুর্যোগ প্রস্তুতি শুরু করে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।























