রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের তৃতীয় দিন অনুষ্ঠিত
- Update Time : ০৪:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

নবাব, রংপুর প্রতিনিধি:সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি টাউন হলে আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। উল্লেখ্য, রংপুর বিভাগের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা প্রতি শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি মাহবুবুল ইসলাম। তিনি সাংবাদিকতার নীতিমালা, তথ্য ও সংবাদ সংগ্রহের কৌশলসহ সাংবাদিকতার মৌলিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রশিক্ষণ প্রদানকালে তিনি বলেন, “বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে দক্ষ সাংবাদিক তৈরির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সহ-সভাপতি অতিসুষ্য কুমার ও ধ্রুবক রাজ, দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার সহকারী সম্পাদক মোকাদ্দেস হোসেন (নবাব) এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ ও পেশাদার সাংবাদিকরা এতে অংশ নেন।
জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচি রংপুর অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।






















