যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগ, স্বামী-চাচাসহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- Update Time : ০৩:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

মো: আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ করেছেন সুপ্তি আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় স্বামীসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার বড় বাশাইল গ্রামের মো. ইব্রাহীম মোল্লার মেয়ে সুপ্তি আক্তার। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন জান্নাত আক্তার।
লিখিত বক্তব্যে সুপ্তি আক্তার জানান, প্রায় নয় বছর আগে আগৈলঝাড়ার রাজিহার এলাকার শাহাদাৎ ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তার কাছে দুই থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন সুপ্তি।
তার অভিযোগ, স্বামীর চাচা বিএনপি নেতা কামরুল ফকিরের পরামর্শ ও প্রভাবেও তাকে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স বর্তমানে প্রায় তিন বছর চার মাস।
সংবাদ সম্মেলনে সুপ্তি আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর রাতে তার স্বামী শাহাদাৎ ফকির তাকে মারধরের একপর্যায়ে পেটে লাথি মারেন। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে দাবি করেন তিনি। ওই সময় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন সুপ্তি। তিনি বলেন, চলতি বছরের ১৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তিনি। মামলাটির নম্বর ৩৬৮/২৬ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সুপ্তি।
এ সময় তিনি বিএনপি নেতা কামরুল ফকির ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও চাঁদাবাজি, হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সুপ্তি আক্তার তার স্বামী শাহাদাৎ ফকির, কামরুল ফকির, শাহে আলম ফকির, মনিরুজ্জামান ফকির ও সাহারুল ফকিরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।
সুপ্তি আক্তার আরও বলেন, দীর্ঘদিন ধরে নির্যাতন ও ভয়ভীতির কারণে তিনি এবং তার সন্তান নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং তার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

























