যশোরে বিভিন্ন অপরাধে আটক ৮ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড
- Update Time : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৯ Time View

মাসুদ রানা (যশোর) থেকে বিভিন্ন অপরাধে আটক ৮ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একদিনের বিচারিক আদালত। বুধবার আলাদা আলাদা রায়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন এ সাজা দেন।
মামলার অভিযোগে জানা গেছে, মাদকদ্রব্য সেবন, বাবা-মাকে মারধর, গালিগালাজ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সম্রাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বুধবার সম্রাটকে আটক করে মাদক সেবনের অভিযোগে মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে। প্রতিবেদনের ওপর শুনানি ও আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সম্রাট যশোর সদরের নারাঙ্গালী গ্রামের সাগরের ছেলে।
কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে মেহেদী হাসানের কাছ থেকে ৩ পিস ইয়াবা ও হাসিবুর রহমান সাগরের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ আটক দুজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। প্রতিবেদনের ওপর শুনানি শেষে বিচারক প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মেহেদী হাসান কেশবপুরের মির্জানগর গ্রামের মৃত জাকাত আলীর ছেলে এবং হাসিবুর রহমান সাগর সাগরদাঁড়ি গ্রামের আজিজুর মোড়লের ছেলে।
ঝিকরগাছা থানা পুলিশ মঙ্গলবার রাতে রিপন আলী ও আলমকে কুন্দিপুর গ্রামের মাঠপাড়ার রেললাইনের পাশ থেকে গাঁজাসহ আটক করে। এ ঘটনায় মামলা দিয়ে প্রতিবেদনসহ তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামিরা দোষ স্বীকার করায় বিচারক তাদের ১ মাস করে সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রিপন আলী নাভারণ পুরাতন বাজার গ্রামের মৃত রমিছ উদ্দিনের ছেলে এবং আলম ইসলামপুর মাঝেরপাড়া গ্রামের মৃত নুর ইসলাম পাটোয়ারীর ছেলে।
ঝিকরগাছা থানা পুলিশ মঙ্গলবার দুপুরে সন্তোষনগর গ্রামে অভিযান চালিয়ে রায়হান বাবু ও রিফাজ হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ মামলায় তাদের প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামিরা দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা সন্তোষনগর গ্রামের রজব আলী ও টুটুল হোসেনের ছেলে।
বুধবার সকালে মণিরামপুরের শৈলী বাজারে স্থানীয় লোকজন একটি পানির পাম্পসহ সাকিব হোসেনকে আটক করেন। তেঁতুলিয়া গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে গাজী পানির মোটর চুরি করেছিল বলে স্বীকার করে সাকিব। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় চুরির মামলা দিয়ে প্রতিবেদনসহ আটক সাকিবকে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে ৩৭৯ ও ৪১১ ধারায় ২ মাস করে সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে সাজা আলাদা আলাদাভাবে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাকিব হোসেন মণিরামপুরের কাশেমপুর গ্রামের শাহিনুর আলমের ছেলে।

























