যশোরে দুই আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- Update Time : ১০:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২ Time View

যশোরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে পৃথক দুটি স্থানে এ বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, প্যারিস রোডসংলগ্ন আদালতের সীমানাপ্রাচীরের অপর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুড়ে মারে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
এদিকে, আদালতের মতো গুরুত্বপূর্ণ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ৯টার পর জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। এ সময় নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ জানান।




















