যশোরের বোমাবাজির মামলায় লাদেন আটক
- Update Time : ০৮:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১১১ Time View

মাসুদ রানা (যশোর) থেকে : যশোর শহরের খড়কি হাজাম পাড়ায় বোমাবাজির মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খড়কি হাজাম পাড়ার নিজ বাড়ি থেকে লাদেনকে আটক করা হয়। ২৬ বছর বয়সী লাদেন একই এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে।
পুলিশ জানায়, এলাকার আধিপত্য বজায় রাখতে গত ৪ অক্টোবর রাতে খড়কি হাজাম পাড়ার বিএনপি অফিস সংলগ্ন মেহেদী হাসানের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫ অক্টোবর খড়কি দক্ষিণ পাড়ার ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, লাদেন, সানি, সাকিব ও তৌফিক।
মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. মিজানুর রহমান অভিযান চালিয়ে লাদেনকে আটক করেন। পরে বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





















