পরশুরামে শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন একদিনে ছয়টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
- Update Time : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৪ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার পশুরাম ফেনী জেলা।
শিক্ষা উপকরণ ও সরকারি অনুদান বিতরণ, নতুন সেতুরও উদ্বোধন
ফেনীর পরশুরাম উপজেলায় শিক্ষা ও অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে দিনব্যাপী একাধিক উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন সেতুর উদ্বোধন এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণের মধ্য দিয়ে সোমবার (২০ জুলাই) ছিল উপজেলার জন্য একটি ব্যস্ত ও তাৎপর্যপূর্ণ দিন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
সকালে তিনি ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহেষপুষ্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
এরপর তিনি পশ্চিম সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজকালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরশুরাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন ভবনগুলো চালু হওয়ায় শিক্ষার্থীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত পরিবেশে পাঠদানের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিয়ে একই দিনে পূর্ব সাহেবনগর–গদানগর–সুবারবাজার সড়কের নবনির্মিত সেতুর উদ্বোধন করেন সংসদ সদস্য। স্থানীয়দের মতে, নতুন এই সেতু চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।
পরে পরশুরাম অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ৩৫ জন উপকারভোগীর মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দুইজনকে ৬ হাজার টাকা করে, একজনকে ৫ হাজার ৫০০ টাকা এবং বাকি ৩২ জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়া, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নতুন বিদ্যালয় ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা উন্নত শিক্ষাবান্ধব পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। একই সঙ্গে শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে। তারা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের এ ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের মতে, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা—এই তিন খাতকে কেন্দ্র করে একই দিনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ পরশুরাম উপজেলার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করবে।

























