দুমকীতে জনদুর্ভোগ নিরসনে সহিদ সরদারের উদ্যোগ, পুনর্নির্মিত হলো সাঁকো
- Update Time : ০২:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের করিমগঞ্জ বাজারসংলগ্ন ভাঙা বাঁশের সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। গত ১৭ অক্টোবর সাউথ বাংলার ফেসবুক লাইভে সাঁকোটি ভেঙে পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র তুলে ধরার পর পুনর্নির্মাণে এগিয়ে আসেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সহিদ সরদার।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সৈয়দ মাহাতাব উদ্দিন বলেন, সাঁকোটি ভেঙে পড়ায় শিশুরা ওপারের মক্তবে যেতে পারত না। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। সাঁকোটি পুনর্নির্মাণে এগিয়ে আসায় সহিদ সরদার ও স্থানীয় যুবকদের ধন্যবাদ জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি দিয়ে চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বশিরিয়া দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদ্রাসা ও আজিজ আহম্মেদ কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ ছাড়া নলুয়া, চরগজালিয়া ও আশপাশের এলাকার মানুষও সাঁকোটি ব্যবহার করে মূল সড়কে যাতায়াত করেন। তাঁদের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘবে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী করিমগঞ্জ বাজারটি পুনরায় চালুর দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে বাজারটি আবারও সচল হয়ে উঠবে।



















