দীর্ঘদিনের ভোগান্তি শেষে আলোর মুখ দেখছে খাতামধুপুর ও বাহাগিলী; নাংটিচিড়া নালার ঝুঁকিপূর্ণ কালভার্ট পরিদর্শনে কর্মকর্তারা
- Update Time : ১২:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৫৩ Time View

নবাব, রংপুর প্রতিনিধি:দীর্ঘদিনের চরম ভোগান্তি ও যাতায়াত কষ্টের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছেন খাতামধুপুর ও বাহাগিলী এলাকার সর্বস্তরের মানুষ। বাহাগিলী নেতার বাজারের পাশে খাতামধুপুর ইউনিয়নের মধ্যবর্তী ‘নাংটিচিড়া নালা’র ওপর থাকা অতি পুরোনো ও ভাঙা কালভার্টটির জায়গায় নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছে।
আজ উক্ত ঝুঁকিপূর্ণ স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন ওয়াক অ্যাসিস্ট্যান্ট মাহবুব এবং তাঁর সাথে আসা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি জরাজীর্ণ কালভার্টটির সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং নতুন ব্রিজের নকশা ও প্রস্তাবনার জন্য প্রয়োজনীয় মাপ-জোক গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খাতামধুপুর ও বাহাগিলীকে যুক্ত করা নাংটিচিড়া নালার এই কালভার্টটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিকল্প কোনো ভালো পথ না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন শত শত মানুষকে জীবন হাতে নিয়ে এর ওপর দিয়ে যাতায়াত করতে হতো। কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের উপযোগী না থাকায় এলাকা দুটির কৃষি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছিল।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, পরিদর্শনের সমস্ত প্রয়োজনীয় তথ্য ও মেজারমেন্ট রিপোর্ট দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রক্রিয়া অনুযায়ী সব তথ্য সঠিক থাকলে এবং সরকারি অনুমোদন লাভ করলে খুব শিগগিরই এখানে নতুন ব্রিজ নির্মাণকাজ শুরু হবে।
দীর্ঘদিন পর জরাজীর্ণ নাংটিচিড়া নালার ওপর নতুন ব্রিজ তৈরির এ উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় দুই ইউনিয়নের বাসিন্দারা।

























