দামুড়হুদার লোকনাথপুর টু পরানপুর সড়কে ফের সড়ক দুর্ঘটনা: আহত ২ জন
- Update Time : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

মো: আহাম্মদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:থানাধীন লোকনাথপুর টু পরানপুর সড়কে আবারও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে ওই সড়কের সোহেলের পোল্ট্রি ফার্মের পাশে একটি দ্রুতগামী প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি দর্শনা পরানপুর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম বয়স ৩৫ বছর । দুর্ঘটনার পর স্থানীয়রা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকেসহ অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এলাকাবাসী সকলের কাছে মনিরুল ইসলামসহ আহতদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোকনাথপুর টু পরানপুর সড়কের এই স্থানটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বড় বড় ঝোপঝাড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি বা মোটরসাইকেল চালক একে অপরকে দেখতে পান না, যা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।
বিশেষ করে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ঠিক এই একই স্থানে গত পাঁচ দিন আগেও একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন প্রাণ হারিয়েছিলেন। একের পর এক এমন প্রাণঘাতী ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
বারবার দুর্ঘটনা ঘটার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি—
অবিলম্বে লোকনাথপুর টু পরানপুর সড়কের উভয় পাশের বিপজ্জনক ঝোপঝাড় ও জঙ্গল দ্রুত পরিষ্কার করতে হবে।
সড়কে অতিরিক্ত গতি রোধ করতে স্পিডব্রেকার বা গতিরোধক স্থাপন করতে হবে। গুরুত্বপূর্ণ এই সড়কে ট্রাফিক নজরদারি বাড়াতে হবে।
“দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নয়—দুর্ঘটনা রোধে আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক”—এই স্লোগানকে সামনে রেখে এলাকাবাসী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক,ও সামাজিক সংগঠনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাণহানি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই এখন সকলের প্রত্যাশা।























