জীবননগরে ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে মতবিনিময় সভা
- Update Time : ০২:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণ, সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদারের লক্ষ্যে জীবননগর পৌরসভার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় জীবননগর পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি দপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির আওতায় নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আলোচনায় এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন শিক্ষক কাজী সালমা লাইজু, মঞ্জুয়ারা খাতুন, সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, শিক্ষক ইউসুফ আলী, আফতাব উদ্দিন, কাজী বাবলুর রহমানসহ ডেঙ্গু প্রতিরোধ কমিটির বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
সভায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, জনসচেতনতামূলক প্রচার বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
















