কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো
- Update Time : ০১:৩১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৬ Time View

রংপুর জেলা প্রতিনিধি: সেলিম চৌধুরী
রংপুরে চুরি হওয়া অটো উদ্ধার, চোর গ্রেফতার: পুলিশের তৎপরতায় স্বস্তি মালিকের
রংপুর নগরীতে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকালে নগরীর ছালেক পাম্প সংলগ্ন সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে মো. মোনজাব আলীর মালিকানাধীন একটি টিয়া রঙের পাঁচ ব্যাটারির অটো চুরি হয়ে যায়। অটোটির আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পরপরই তদন্ত শুরু করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাদ্দাম হোসেন। উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. আজাদ রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
একাধিক সোর্সের তথ্যের ভিত্তিতে পুলিশ রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানাধীন শাহেবগঞ্জ-সাতমাথা সড়কের কাছু এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল ইসলাম ওরফে বাতাসু (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে চুরি হওয়া অটোটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অটোটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মতে, চুরির ঘটনার পর এত অল্প সময়ের মধ্যে অটো উদ্ধার ও আসামী গ্রেফতার কোতয়ালী থানার পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।
এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















