কৃষি-মৎস্য থেকে স্মার্ট প্রযুক্তি,ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ প্রযুক্তির চমক
- Update Time : ০৬:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প ও স্মার্ট প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। মেলায় কৃষি, মৎস্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক এসব উদ্ভাবন দর্শনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলায় পবিপ্রবির স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেনসহ সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
মেলায় পবিপ্রবির শিক্ষক-গবেষকদের নির্বাচিত পাঁচটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।
এর মধ্যে ফিশারিজ অনুষদের অধ্যাপক ড. মো. সাজেদুল হকের নেতৃত্বে তৈরি ‘Smart Fish Dryer’ বিশেষভাবে উল্লেখযোগ্য। আইওটি-ভিত্তিক এ প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক মাছ দ্রুত, সব ধরনের আবহাওয়ায় এবং রাসায়নিকমুক্ত উপায়ে শুকানোর ব্যবস্থা রয়েছে।
উপকূলীয় অঞ্চলের মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে তৈরি ‘Nutri-Fish Powder’-ও মেলায় প্রদর্শিত হয়েছে। একই সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ইমামুল কবির আনান ও আরিফুল ইসলাম মাসুমের ‘e-Nibash’ স্মার্ট রেন্ট ও হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাপ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
এ ছাড়া রিফাত আল সাদ কায়সার ও মো. নুমান শেখের ‘GridMind AI’ নামের এআই প্ল্যাটফর্মে সোলার ও গ্রিড বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনার প্রযুক্তি তুলে ধরা হয়েছে। অধ্যাপক ড. এস. এম. তাওহিদুল ইসলাম ও মো. আফ্রিদি আলম প্রান্তুর ‘AgDMM’ অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সেন্সরের মাধ্যমে ফসল সুরক্ষা এবং রোগ শনাক্তকরণের প্রযুক্তি প্রদর্শন করা হয়।
পবিপ্রবির প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে ‘e-Nibash’ অ্যাপটি একাধিক কোম্পানির প্রতিনিধিদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। মেলা চলাকালে কয়েকটি কোম্পানির প্রতিনিধি অ্যাপটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যোগাযোগ করে অর্ডার দেওয়ার কথা জানান।
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন।
মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মাধ্যমে পবিপ্রবির শিক্ষক-গবেষকদের কৃষি, মৎস্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণার পাশাপাশি উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সম্ভাবনাও তুলে ধরা হয়েছে।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
























