কালিগঞ্জে এলজিইডি অফিসে টেবিলে বসেই ঘুষ, ভিডিও ফাঁসে তোলপাড়
- Update Time : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৭ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমানের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একাধিক ভিডিও ঘিরে পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনি নিজ দাপ্তরিক টেবিলে বসেই দুইজন ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে প্রকল্পের বিল তৈরির জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন।
বুধবার (১৫ এপ্রিল) ভিডিওগুলো সামনে আসার পর বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “চাকরি অনেক করেছি, আমার কিছুই হবে না।”
ভিডিওতে আরও দেখা যায়, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান এবং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের কাছ থেকে ১ হাজার টাকার নোটে মোট ১০ হাজার টাকা ঘুষ নেওয়া হচ্ছে।
সরকারি অফিসে বসে প্রকাশ্যে এমন ঘুষ লেনদেনের ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট হিসাবরক্ষকের দ্রুত অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবি জানানো হয়েছে।


















