ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
- Update Time : ০৮:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৯ Time View

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অতিদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে সরকারি সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২শত ৩৮ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলার গৈলা ও রাজিহার ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এসময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা যুগ্ম-আহবায়ক আবুল মোল্লা,উপজেলা যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন(মনু) এবং জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, ইউনিয়ন পরিষদ সচিব গৌতম পালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসন বলেন, ঈদ উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলার রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪ জন, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭৪ জন, বাকাল ইউনিয়নে ২ হাজার ২৯৮ জন, বাগধা ইউনিয়নে ২ হাজার ৬৭৮ জন এবং রত্নপুর ইউনিয়নে ২ হাজার ৬৯৪ জন উপকারভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। যাতে ঈদ আনন্দ থেকে কোনো মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
স্থানীয় উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এই চাল পেয়ে তাদের পরিবারের খাদ্যসংকট অনেকটাই কমবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন।



















