আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশঐক্যের আহ্বান ।
- Update Time : ০৫:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি:
”পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বিশেষ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করা কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি করতে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধমূলক তথ্যের খবর দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।”বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস বলেন, “আমাদের সন্তানদের সুপথে রাখতে পরিবার ও অভিভাবক থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাকাল ইউনিয়নে কোনো ধরনের মাদক, বাল্যবিয়ে বা ইভটিজিং সহ্য করা হবে না।”
সভায় বিশেষ বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ফকির, সদস্য সচিব বাপ্পি পান্ডে এবং যুগ্ম আহ্বায়ক ইউনুস ফকির। নেতৃবৃন্দ বলেন, “সামাজিক অবক্ষয় ও অপরাধের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের যেকোনো ইতিবাচক পদক্ষেপে স্থানীয় জনগণ সবসময় পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির সদস্য তারেক ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাছেল, সদস্য মো:আশরাফ। এছাড়াও উপজেলা যুবদল নেতা বেল্লাল ফকির, আকবার, সিরাজ মোল্লাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।সভা শেষে বক্তারা বাকাল ইউনিয়নকে মাদক, অপরাধ ও বাল্যবিয়ে মুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

























