১ সাব-রেজিস্ট্রার দিয়ে চলছে ৩ উপজেলার সাব রেজিস্ট্রির কার্যক্রম
- Update Time : ০৪:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

গোলাম রব্বানী হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর রেজিষ্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বে আছেন পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনীষা রায়। ফলে এক ‘সাব-রেজিস্ট্রার দিয়ে অফিস চলছে ০৩ উপজেলার জমি রেজিস্ট্রির কার্যক্রম। সপ্তাহে অফিস হয় কোথাও একদিন, কোথাও দু’দিন। এদিকে, প্রায় ৩ বছর ধরে, হরিপুর অফিসে নেই অফিস সহায়ক।
এ বিষয়ে অতিরিক্ত দ্বায়িত্বে আসা হরিপুর সাব-রেজিস্ট্রার মনীষা রায় বলেন, আমি মূলত পীরগঞ্জ রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছি। এর পাশাপাশি হরিপুর ও লাহিড়ীহাট সাব রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব পালন করছি। সপ্তাহে পীরগঞ্জে দুদিন, হরিপুরে একদিন, লাহিড়ীহাটে দু’দিন মিলিয়ে মোট ৫ দিন দায়িত্ব পালন করি। এতে করে আমার দায়িত্ব পালন করতে অনেক হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া এ সমস্ত এলাকার মানুষ ও ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরো বলেন, জেলায় আমরা মাত্র দু’জন সাব-রেজিস্ট্রার ৬টি অফিসের দায়িত্ব পালন করতে প্রচন্ড চাপের সম্মুখীন হচ্ছি। তাই এ জেলায় প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় আরো সাব-রেজিস্ট্রার নিয়োগের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।
হরিপুর উপজেলার ধুকুরিয়া এলাকা থেকে আসা দলিল লেখক মেহবুব আলম বলেন, আমাদের হরিপুরে সপ্তাহে মাত্র একদিন জমি রেজিস্ট্রি করা হয়। এজন্য আমরা অনেকেই হয়রানির শিকার হচ্ছি।
এবিষয়ে হরিপুর মহুরি সমিতির সভাপতি আঃ হাকিম বলেন, আসলে আমাদের এ অফিসে সপ্তাহে একদিন রেজিস্ট্রির কাজ চলে। এজন্য জমি রেজিস্ট্রি দলিলের সংখ্যা অনেক বেশি থাকায় সব রেজিস্ট্রি কাজ একদিনে শেষ হয় না। কিছু কাজ বাকী রেখে সাব-রেজিস্ট্রার সাহেব চলে যান। তাই সংশ্লিষ্ট লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে সপ্তাহে কমপক্ষে দুই দিন অফিস করা হলে ভোগান্তি কমে যাবে বলে আমি মনে করি।
অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন তো হতেই হয়। আবার দলিলকারিদেরও কিছু অসুবিধা হয়।
জেলা রেজিস্ট্রার আফছানা বেগম উপজেলায় সাব-রেজিস্ট্রার সংকটের কথা স্বীকার করে বলেন, উপজেলায় সাব-রেজিস্ট্রার সংকটের কথা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় সাব-রেজিস্ট্রার কবে নিয়োগ দেয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছিনা।






















