হলিক্রসে কোটচাঁদপুরের তিন মেধাবী কন্যা, স্বপ্ন এখন রাজধানীর আকাশে
- Update Time : ১০:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের ঐতিহ্যবাহী ও বারবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন মেধাবী শিক্ষার্থী রাজধানীর স্বনামধন্য হলিক্রস কলেজে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছেন। একঝাঁক শিক্ষার্থীর মাঝে প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিষ্ঠান থেকে একসঙ্গে তিন শিক্ষার্থীর এই অর্জনে পুরো কোটচাঁদপুরে বইছে আনন্দ ও গর্বের আমেজ।
২০২৬ শিক্ষাবর্ষে হলিক্রস কলেজে ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থী হলেন—তাবাচ্ছুম কবীর, ঐশিকা রায় ও জাকিয়া সুলতানা জীম। তাঁদের মধ্যে উপজেলা পর্যায়ে মেয়েদের মধ্য থেকে তাবাচ্ছুম কবীর প্রথম এবং ঐশিকা রায় দ্বিতীয় স্থান অর্জন করেন। মেধার অনন্য স্বাক্ষর রেখে তাঁদের সঙ্গে এই তালিকায় যুক্ত হয়েছেন জাকিয়া সুলতানা জীম।
পারিবারিক সূত্রে জানা যায়, তাবাচ্ছুম কবীর কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ও স্থানীয় রাজনীতিবিদ মো. হুমায়ূন কবীরের মেয়ে। ঐশিকা রায় একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়ের জ্যেষ্ঠ কন্যা এবং জাকিয়া সুলতানা জীম সিনিয়র ইংরেজি শিক্ষক মো. জাহিদুল ইসলামের কনিষ্ঠ কন্যা।
বিদ্যালয়টির শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে শুভকামনা জানিয়েছেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সডিল। তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মফস্বল শহরের একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেশের অন্যতম শীর্ষ কলেজে জায়গা করে নেওয়া এই তিন শিক্ষার্থীর একাগ্রতা ও কঠোর পরিশ্রমেরই প্রতিফলন। এই সাফল্য পুরো এলাকার শিক্ষার পরিবেশকে আরও ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।



















