স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ
- Update Time : ১০:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। বুধবার (২৫ নভেম্বর ২০২৬ / ১০ অগ্রহায়ণ ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে তাকে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগ কার্যকর হওয়ার শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
নবনিযুক্ত এ মিডিয়া কো-অর্ডিনেটর ঝিনাইদহের সন্তান। তিনি বর্তমানে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবেও যুক্ত রয়েছেন।























