সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
- Update Time : ০৫:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৩৮ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার সহল আবদুল্লাহ, পিএসসি। এ সময় আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।নজরদারি আরও কার্যকর করার পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, রাতের অন্ধকারে নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে দুর্গম ও অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত তা শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে আইন মেনে চলা এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।




















