সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, প্রেম ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি’
- Update Time : ০৩:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৭ Time View

জসীমউদ্দিন,মানিকছড়ি:আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, প্রেম-ভালোবাসা, সুখ-দুঃখ, সংগ্রাম ও বাস্তবতার নানা চিত্র নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সমাজের প্রান্তিক একটি জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও মানবিক অনুভূতির গল্পকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় তুলে ধরা হবে তাদের দৈনন্দিন জীবন, পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং নানা প্রতিকূলতার চিত্র।
সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাসুম।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মন পাখি’ চলচ্চিত্রে সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা ও সামাজিক বাস্তবতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচলিত বাণিজ্যিক গল্পের বাইরে গিয়ে সাধারণ মানুষের জীবনের কাছাকাছি একটি বাস্তবধর্মী ও আবেগঘন গল্প দর্শকদের সামনে তুলে ধরাই এ চলচ্চিত্রের মূল লক্ষ্য। ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার লড়াই সিনেমাটির গল্পকে এগিয়ে নিয়ে যাবে।
ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি মনোরম ও উপযুক্ত লোকেশনে চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের দৃশ্যধারণে অংশ নিয়েছেন অভিনেতা সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ আরও অনেকে। আগামী ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পীর।
চলচ্চিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছি। তবে এ ধরনের গল্পে আগে কখনো অভিনয় করা হয়নি। সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এমন গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের কাছাকাছি গল্প হওয়ায় আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর চলচ্চিত্র তুলনামূলকভাবে কম পাচ্ছেন। এ কারণে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, “মন পাখি” দর্শকদের সামনে ভিন্ন স্বাদের একটি গল্প উপস্থাপন করবে। এ সিনেমার প্রতিটি চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিল্পী আন্তরিকতার সঙ্গে কাজ করছেন এবং চরিত্রগুলোকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।’
সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনায় রয়েছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং চলচ্চিত্রটির সংগীত পরিচালনা ও সঙ্গীতায়োজনে রয়েছেন শওকত আলী ইমন।
নির্মিত ব্যক্তিদের প্রত্যাশা, ‘মন পাখি’ শুধু বিনোদনের মাধ্যম হিসেবেই নয়, বরং সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, ঐতিহ্য ও সংগ্রামের গল্প বৃহত্তর দর্শকসমাজের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হয়ে উঠবে। বাস্তবধর্মী গল্প, শিল্পীদের অভিনয় এবং নির্মাণশৈলীর সমন্বয়ে চলচ্চিত্রটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে বলেও আশা করছেন পরিচালক বোর্ডের ব্যক্তিরা।



























