শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত মেধা — ফেনীতে পরিবেশ মন্ত্রী
- Update Time : ১১:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১১ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
“নতুন কুঁড়ি স্পোর্টস” উদ্বোধন; তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের আহ্বান।
ফেনীতে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস” প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শুধু বইয়ের পড়াশোনা নয়—শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয় ছাড়া প্রকৃত মেধাবী হওয়া সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, একজন মানুষকে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সমানভাবে প্রয়োজন।
শনিবার (২ মে) বিকেলে ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ১২-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
মন্ত্রী বলেন, “নতুন কুঁড়ি আমাদের নির্বাচনি ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম শুধু একাডেমিকভাবে নয়, শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুক। তারা যেন নিজেদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এম এ খালেক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াবিদরা।
মন্ত্রী তার বক্তব্যে স্থানীয় উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। তিনি উল্লেখ করেন, পরশুরাম এলাকার পরিস্থিতি ভৌগোলিকভাবে আলাদা, কারণ এটি প্রতিবেশী দেশ থেকে প্রবাহিত পানির ওপর নির্ভরশীল। তিনি জানান, মুছাপুর রেগুলেটরের পুনর্নির্মাণ প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সোনাগাজী ও সিলোনিয়া অঞ্চলে নদী ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই আয়োজনের মাধ্যমে দেশের অন্যান্য জেলার মতো ফেনীতেও কিশোর-কিশোরীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক হবে।



















