রাণীশংকৈলে তেল কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনে ১ লাখ টাকা জরিমানা
- Update Time : ১১:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৩ Time View

একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে দুটি ফিলিং ষ্টেশনে পেট্টোল ও ডিজেলে ওজনে কম দেওয়া প্রতারণায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত ফিলিং ষ্টেশন দুটি হলো- জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আব্দুর রহিম ফিলিং স্টেশন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, উপজেলার বেশ কয়েকটি ফিলিং ষ্টেশনের মেশিন আমরা চেক করেছি। এর মধ্যে নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশনে প্রতি ১০ লিটারে ২৩০ মিলি তেল ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। অপরদিকে একই অবস্থা দেখা গেছে উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে। অসৎ উদ্দেশ্য ফিলিং ষ্টেশনদুটি সব মেশিনে ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছিল। দু’স্টেশনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা মাঠে কাজ করছি। কোনো ফিলিং স্টেশন সম্পর্কে এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



















