যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ
- Update Time : ০৪:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৭ Time View

মাসুদ রানা,যশোর জেলা প্রতিনিধি:যশোরে পারিবারিক কলহের জেরে শাহনাজ খাতুন (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর স্বামী আতিয়ার রহমান নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার ৬ নম্বর কাশিমপুর ইউনিয়নের শানতলা এলাকায় পেপসি গোডাউনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শাহনাজ খাতুন শানতলা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। অভিযুক্ত আতিয়ার রহমান একই গ্রামের আরশাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে স্ত্রী শাহনাজকে শ্বাসরোধ করে হত্যা করেন আতিয়ার রহমান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজেই কোতোয়ালী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় স্ত্রীকে হত্যার কথা পুলিশকে জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নিহতের ছেলে রায়হান জানান, বিয়ের পর থেকেই তার বাবা-মায়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদও হয়েছিল। তবে পরবর্তী সময়ে আবারও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকত। পারিবারিক বিরোধের জেরেই তার বাবা মাকে হত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।
পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত আতিয়ার রহমান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





















