কিশোরগঞ্জে RERMP প্রকল্পে নারী শ্রমিক নিয়োগের লটারিতে অনিয়মের অভিযোগ
- Update Time : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৩৯ Time View

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী:নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে গ্রামীণ কর্মসংস্থান ও রাস্তা রক্ষণাবেক্ষণ প্রকল্পের (RERMP) আওতায় নারী শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনরায় লটারি আয়োজনের দাবিতে জেলা প্রশাসক বরাবর যৌথ আবেদন করেছেন বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সচেতন নাগরিকরা।
৪ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক, নীলফামারী বরাবর দাখিল করা আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে RERMP প্রকল্পের আওতায় নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তবে আবেদনকারীদের অভিযোগ, এ নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে এ বিষয়ে কোনো সভা বা রেজুলেশনও করা হয়নি।
আবেদনে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে লটারি প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ড থেকে সমানুপাতিক হারে প্রকৃত দুস্থ ও যোগ্য নারী শ্রমিক বাছাই করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে লটারির স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলে দাবি করেছেন আবেদনকারীরা। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। ফলে প্রকৃত সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
১. চলমান বা ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ার লটারির স্বচ্ছতা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যাচাই করতে হবে।
২. প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমতার ভিত্তিতে প্রকৃত দুস্থ ও যোগ্য নারী শ্রমিকদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
৩. নিয়োগ প্রক্রিয়ায় সংঘটিত অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যৌথ আবেদনটিতে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের সাধারণ জনগণ এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের পক্ষে স্বাক্ষর রয়েছে। আবেদনকারীরা মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হলে প্রকৃত দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে।
আবেদনের অনুলিপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মহাপরিচালক, ঢাকা; উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী; এবং উপজেলা প্রকৌশলী, এলজিইডি, কিশোরগঞ্জ, নীলফামারী বরাবর পাঠানো হয়েছে।




















