কালিগঞ্জে মোবাইলের প্রেম থেকে চীনা নাগরিককে বিয়ে, ভিসা জটিলতায় দম্পতি
- Update Time : ১১:২৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:মোবাইল ফোনে পরিচয়, এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক। একপর্যায়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। প্রথম সংসারের বিচ্ছেদের পর চীনের এক নাগরিককে বিয়ে করে আলোচনায় এসেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক তরুণী। বিয়ের পর ভিসা ও ইমিগ্রেশনসংক্রান্ত জটিলতায় চীনে যেতে না পেরে বর্তমানে চীনা স্বামীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন তিনি।
প্রাপ্ত নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মেরিনা রিফা পারভীন (২৫) এর আগে একই উপজেলার হোসেনপুর গ্রামের আলিফ কবির নামের এক যুবককে বিয়ে করেন। নথিতে আলিফ কবিরের বাবা শাহাজান কবির ও মা আছমা জান্নানের নাম উল্লেখ রয়েছে। পরবর্তীতে দাম্পত্য জীবনে বিরোধ ও অশান্তির সৃষ্টি হলে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
তালাকের নোটিশে মেরিনা রিফা পারভীনের পক্ষ থেকে দাম্পত্য কলহ, নির্যাতন, ভরণপোষণ না দেওয়া, স্ত্রীর মর্যাদা না দেওয়া এবং স্বামীর অন্য স্ত্রী থাকার অভিযোগসহ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তবে এসব নোটিশে উত্থাপিত অভিযোগ; এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রথম সংসারের বিচ্ছেদের পর মোবাইল ফোনের মাধ্যমে চীনের নাগরিক মাহাবিব (马哈比卜)-এর সঙ্গে মেরিনা রিফা পারভীনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা বিয়ে করেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
চীনা নাগরিক মাহাবিবের পরিচয়পত্র অনুযায়ী, তার জন্ম ১৬ মার্চ ১৯৯৫। তার বাড়ি চীনের গানসু প্রদেশের দোংশিয়াং স্বায়ত্তশাসিত জেলার বাইহে টাউনশিপ এলাকার লিয়াওঝাইয়া গ্রামে। পরিচয়পত্রটির মেয়াদ ২৩ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০৪৫ পর্যন্ত।
বিয়ের পর মেরিনা রিফা পারভীনের চীনে যাওয়ার কথা থাকলেও ভিসা ও ইমিগ্রেশনসংক্রান্ত জটিলতার কারণে এখনো সেই যাত্রা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে বর্তমানে চীনা নাগরিক মাহাবিব ও মেরিনা রিফা পারভীন দুজনই কালিগঞ্জে মেরিনার নিজ বাড়িতে অবস্থান করছেন।
এদিকে, মেরিনা রিফা পারভীনের প্রথম বিবাহবিচ্ছেদসংক্রান্ত নথিতে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭ ও ৮ ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তালাকের নোটিশ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি তালাক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কাজীর কাছে আবেদন করার বিষয়টিও নথিতে উল্লেখ করা হয়েছে।
মোবাইল ফোনে পরিচয় থেকে বিদেশি নাগরিকের সঙ্গে প্রেম, এরপর বিয়ে এবং ভিসা জটিলতায় চীনে যাত্রা আটকে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তবে চীনা নাগরিকের সঙ্গে বিয়ের আইনগত নিবন্ধন, ভিসা জটিলতার সুনির্দিষ্ট কারণ এবং চীনে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

























