সাধারণ জনগণ কি কখনো পরিবর্তন দেখবে না?
- Update Time : ০৩:১৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ Time View

নবাব রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
রংপুর থেকে তারাগঞ্জ মহাসড়ক—গুরুত্বপূর্ণ এই রুটে প্রতিনিয়ত চলাচল করছে শত শত ভারী যানবাহন। কিন্তু পাগলাপীর থেকে সিও বাজার পর্যন্ত অংশের বেহাল দশা এবং বারবার নামমাত্র মেরামতের পরও অবস্থার কোনো স্থায়ী উন্নতি না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, নিয়মিত মেরামত কাজ সত্ত্বেও কেন সড়কটি টেকসই হচ্ছে না?
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী চালকদের অভিযোগ, পুরো রাস্তা জুড়ে তৈরি হওয়া প্রচুর ভাঙা ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারী যান চলাচলের চাপ সামলানোর কথা থাকলেও সংস্কারের কিছুদিন পরই রাস্তা জুড়ে আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়। বারবার সংস্কারের নামে বাজেট বরাদ্দ দেওয়া হলেও কাজের মান ও তদারকি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অথচ এই জনবহুল রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করে সড়কটির টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশাসনের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
















