সাতক্ষীরা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: সংকট:১১জন মেডিকেল অফিসারের পদ শূন্য।
- Update Time : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২১ Time View

জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধি:সীমান্তবর্তী সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে।
৫০ শয্যার এই হাসপাতালে ১১ জন কনসালটেন্ট (বিশেষজ্ঞ) ডাক্তারের পদ এবং ১২ জন মেডিকেল অফিসার/আবাসিক মেডিকেল অফিসারের (RMO) পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। ফলে প্রায় দেড় লক্ষাধিক মানুষের প্রান্তিক স্বাস্থ্যসেবা আজ মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালে অবকাঠামো,বেড,ওটিসহ অনেক সরঞ্জাম থাকলেও নেই বিশেষজ্ঞ ডাক্তার।গাইনি, মেডিসিন, সার্জারি, শিশু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা ও অ্যানেস্থেসিয়া বিভাগে কনসালটেন্ট পদ শূন্য। ফলে সিজারিয়ান অপারেশন,হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা, চোখের অপারেশন সবই বন্ধ হওয়ার পথে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম এবং গাইনি কনসালটেন্ট ডা. অনন্যা রানী সহ হাতে গোনা ২-৩ জন ডাক্তার দিয়ে চলছে পুরো হাসপাতাল। গত ৩ নভেম্বর ডা. অনন্যা রানীর যোগদানের পর তিনি আন্তরিকতার সাথে নিরলস ভাবে গাইনিসেবা সিজারিয়ান আউটডোর সহ চিকিৎসা প্রদানের কারণে গাইনি সেবায় কিছুটা গতি ফিরলেও বাকি সব বিভাগে অচলাবস্থা।
একজন ভুক্তভোগী রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন,পেটে ব্যথা নিয়ে এসেছি, বলে সার্জারির ডাক্তার নেই, সাতক্ষীরা সদরে যান। তাহলে এই বিল্ডিং দিয়ে কি হবে?।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য:
এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন,আমাদের অনুমোদিত ১১টি কনসালটেন্ট পদের মধ্যে মাত্র ১-২ জন কর্মরত আছেন, বাকি সব শূন্য।১২ জন মেডিকেল অফিসারের মধ্যে আমাদের জনবল এক-তৃতীয়াংশেরও কম। আমরা বারবার সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পত্র পাঠিয়েছি।
তিনি আরও বলেন,৫০ শয্যার হাসপাতালের রোগীর চাপ এখন দ্বিগুণ। ডাক্তার না থাকায় আমাদের রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করতে হচ্ছে। জরুরি ভিত্তিতে কনসালটেন্ট ও আবাসিক মেডিকেল অফিসার পদায়ন করা না হলে গ্রামীণ স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়বে।
পটভূমি:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৮ হাজার ৪৫২টি ডাক্তারের পদ শূন্য, যা মোট পদের প্রায় ৫০%। খুলনা বিভাগের ৩৪টি উপজেলায় এই সংকট সবচেয়ে বেশি। দেবহাটা তার মধ্যে অন্যতম। সীমান্তবর্তী হওয়ায় এখানে এমনিতেই বেসরকারি হাসপাতাল কম, তাই সরকারি হাসপাতালই একমাত্র ভরসা।
এলাকাবাসীর দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে,অবিলম্বে শূন্য পদে ডাক্তার নিয়োগ দিয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক।





















