শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্বোধন
- Update Time : ০৫:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জি এম সোলায়মান কবীর, শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষক ও ভয়েস অব সুন্দরবন নিউজ পোর্টালের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুল ইসলাম বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং স্থানীয় চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই প্রাণিসম্পদ সপ্তাহ চলবে।
























