যশোরে একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতে ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
- Update Time : ১১:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

যশোর জেলা প্রতিনিধি : যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল রোববার (৪ অক্টোবর) এসব সাজা প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল্লাহ আল মামুন গত ২ অক্টোবর বৈদ্যুতিক তামার তার চুরির অভিযোগে কিসমত নওয়াপাড়া এলাকার সেলিমের ছেলে সজিব ওরফে রানাকে আটক করেন। একই সঙ্গে চোরাই তার কেনার অভিযোগে ভাঙারি ব্যবসায়ী লোন অফিস পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে শাহিন হাসান তুহিনকেও আটক করা হয়। তাদের দেখিয়ে দেওয়া মতে তুহিনের দোকান থেকে তামার তার উদ্ধার করা হয়।
রানা ওই তার চুরির কথা স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে সোপর্দ করা হলে বিচারক রানাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সাথে ভাংড়ি ব্যবসায়ী তুহিনকেও এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। তবে
তুহিনকে প্রদশনের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। শর্তে বলা হয়, আগামী এক বছরের মধ্যে তার বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণিত হলে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। যেদিন তিনি আটক হবেন, সেদিন থেকেই রায় কার্যকর হবে।
অন্যদিকে, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে চাঁচড়া রায়পাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে চার পিস ইয়াবা ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন, রায়পাড়ার মৃত ইসরাইল ড্রাইভারের ছেলে সজল হোসেন, আশ্রম রোডের হাফিজুর রহমানের ছেলে সুবহান সর্দার এবং শেখহাটি জামরুলতলা এলাকার জাকির হোসেনের ছেলে সুমন হোসেন।
এদের মধ্যে সজল কোতোয়ালি থানার চারটি মামলার আসামি। বিচারকের কাছে তারা দোষ স্বীকার করলে প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ডিবি পুলিশের এসআই রকি মন্ডল গত ২৯ সেপ্টেম্বর রেলগেট পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিরিন খাতুন ওরফে শীলাকে আটক করেন। শীলা ওই এলাকার জিন্না সরদারের স্ত্রী। আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে তিনি যদি কারাদণ্ড ভোগ করতে রাজি না হন, তাহলে আগামী দুই বছর প্রতি সপ্তাহে একবার করে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে।
গত ১ অক্টোবর শহরের রেলগেট এলাকা থেকে গাঁজাসহ তিনজনকে আটক করেন ডিবির এসআই রকি মন্ডল। তারা হলেন—শংকরপুরের জামাল গাজীর ছেলে তুহিন গাজী, পুলেরহাটের আজাহার মন্ডলের ছেলে ফয়সাল মন্ডল এবং বগুড়ার গাবতলী উপজেলার ঘনুশাখাটিয়া গ্রামের আফিজ উদ্দিনের ছেলে আইনুল ইসলাম।
তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
গত ২ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে শহরের বাড়বাজার মসজিদ গলির প্রিন্স হোটেলের সামনে থেকে সোহাগ নামে এক ব্যক্তিকে চার পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি শহরের ঘোপ এলাকার সোহরাব হোসেনের ছেলে। তাকে আদালত চার মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
গত ৩ অক্টোবর সকালে ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়ির ভেতর থেকে গাঁজাসহ আল আমিন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আল আমিন ঘোপ নওয়াপাড়া বাইলেনের সোহরাব হোসেনের ছেলে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির তাহমুদুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি বাজারে তামার তারসহ ইমরান শাহীন নামে এক যুবককে আটক করে রাখা হয়েছিল। তিনি সেখানে পৌঁছে তাকে হেফাজতে নেন। এ সময় তার কাছ থেকে কয়েক টুকরো তামার তার জব্দ করা হয়। পরে ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করলে বিচারক ইমরান শাহীনকে চার মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।























