বিয়ের আগেই তরুণীকে নিয়ে পালানোর অভিযোগ যুব জামাত নেতা পারভেজ এর বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ
- Update Time : ১১:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের দিন-তারিখ ঠিক হওয়ার পর এক তরুণীকে প্রলোভন দেখিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে পারভেজ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই তরুণীর বিয়ের জন্য রাখা প্রায় তিন লাখ টাকা ও স্বর্ণালংকারও সঙ্গে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁকা ইউনিয়নের রঘুনন্দনপুর ও পার্শ্ববর্তী খয়েরহুদা মাঠপাড়া এলাকায়।
এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে পারভেজের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রঘুনন্দনপুর গ্রামের মান্নানের ছেলে নাহিদ আহমেদ পারভেজের সঙ্গে ওই তরুণীর বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার ওই তরুণীর বিয়ের দিন-তারিখ নির্ধারিত ছিল। এর মধ্যে গত দুই দিন আগে রাখাল শাহের মেলা থেকে পারভেজ ওই তরুণীকে নিয়ে পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ।
তরুণীর বাবার দাবি, মেয়ের বিয়ের জন্য তৈরি করা স্বর্ণালংকার এবং ঘরে থাকা নগদ তিন লাখ টাকা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে পারভেজের পরিবারের সদস্যদের কাছে গিয়ে মেয়ের বিষয়ে জানতে চাইলেও তারা কোনো তথ্য দেননি বলে অভিযোগ করেন তিনি।
এদিকে পারভেজ ওই তরুণীর পরিবারের হোয়াটসঅ্যাপে প্রায় দেড় মিনিটের একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি দাবি করেন, তিনি বাধ্য হয়েই ওই তরুণীকে নিয়ে পালিয়েছেন। প্রথম স্ত্রীকে দ্রুত তালাক দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি ওই তরুণীকে বিয়ে করেছেন এবং তারা দুজন একসঙ্গেই আছেন দাবি করে তাদের খোঁজাখুঁজি না করার জন্য পরিবারের প্রতি আহ্বান জানান। সময়মতো তারা বাড়িতে ফিরে আসবেন বলেও ওই অডিওতে দাবি করেন পারভেজ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারভেজের আগে আরেকটি বিয়ে রয়েছে। ওই সংসারে দুই সন্তান আছে বলেও তারা জানান। প্রথম স্ত্রী থাকা অবস্থায় ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।
তরুণীর বাবা বলেন, “আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগেই পারভেজ তাকে নিয়ে পালিয়েছে। মেয়ের বিয়ের জন্য রাখা তিন লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে। আমি পারভেজের পরিবারের কাছে কয়েকবার গিয়েছি। তারা কোনো সহযোগিতা করছে না। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
স্থানীয় কয়েকজনের অভিযোগ, পারভেজ এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। অতীতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে সে বাংলাদেশ জামাত ইসলামী যুব জামাতের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় পর্যায়ে সক্রিয় রয়েছেন বলেও দাবি করেন তারা।
এলাকাবাসীর আরও অভিযোগ, পারভেজের সঙ্গে কয়েকজন যুবকের একটি দল রয়েছে এবং তার প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তবে এসব অভিযোগও তদন্তসাপেক্ষ।
এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান একটি লিখত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




















