বড়ডলু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

এম এ জলিল.খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বড়ডলু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত হয় এক অভিভাবক সমাবেশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদের সাবলীল সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) নবগঠিত সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই তিনের সমন্বয় অত্যন্ত জরুরি। কেবল শিক্ষকের ওপর নির্ভর না করে সন্তানদের পড়ালেখার প্রতি অভিভাবকদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকমুক্ত ও সুস্থ পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পাঠদানে মনোযোগী হয়, সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি মীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। বড়ডলু উচ্চ বিদ্যালয় এ এলাকার শিক্ষার আলোকবর্তিকা। শিক্ষার মানোন্নয়নে শুধু জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও সৎ চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে এম এ জলিল উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বড়ডলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবক ও স্থানীয় সুধীজনের সার্বিক সহযোগিতায় আমরা এই বিদ্যালয়কে মানিকছড়ির একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নে সকলে একসাথে কাজ করার দৃঢ় ব্যক্ত প্রকাশ করেন।


























