নগরীর পাইকপাড়ায় মুখোশ পরে ‘পলাতক’ আজমেরী ওসমানের পক্ষে অনুসারীদের মিছিল
- Update Time : ০৮:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৭ Time View

আবু তালেব স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় চাঞ্চল্যকর এক মিছিলের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই ‘পলাতক’ থাকা আলোচিত ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানের পক্ষে এই মিছিল বের করা হয়। মিছিলের সবচেয়ে নজরকাড়া ও রহস্যময় বিষয় ছিল—অংশগ্রহণকারী প্রায় সব অনুসারীই মুখে বিভিন্ন ধরনের মুখোশ পরা ছিলেন।
গতকাল বিকেলে পাইকপাড়া এলাকার প্রধান সড়কে হঠাৎ করেই এই ঝটিকা মিছিলটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি খুব বেশি সময় স্থায়ী ছিল না। ২০ থেকে ৩০ জনের একদল যুবক মুখে মুখোশ পরে এবং মাথায় ক্যাপ লাগিয়ে আচমকা রাস্তায় নেমে আসেন। তারা আজমেরী ওসমানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি পাইকপাড়ার ভেতরের গলি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগেই দ্রুত গলির ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।
হঠাৎ করে মুখ ঢাকা একদল যুবকের স্লোগান ও মিছিলের কারণে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন:
”হঠাৎ দেখলাম একদল ছেলে মুখে মুখোশ পইরা স্লোগান দিতে দিতে চইলা গেল। কিছু বোঝার আগেই তারা আবার নাই হয়ে গেছে। কারোর মুখ দেখা যায় নাই। এই ঘটনায় এলাকায় এক ধরনের থমথমে ভাব বিরাজ করতাছে।”
উল্লেখ্য, গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। ছাত্র আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। এর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছে।
এই বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মুখোশ পরে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “শহরের পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে। কারা, কী উদ্দেশ্যে মুখে মুখোশ পরে এই ঝটিকা মিছিল করেছে, তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


















