সংবাদ শিরোনাম :
দুমকিতে যুবদলের পদবঞ্চিতদের ধাওয়ায় পিছু হটল নতুন কমিটির পদধারীরা আহত-৩
Reporter Name
- Update Time : ১০:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৩০ Time View

সজিব সরদার স্টাফ রিপোর্টারঃ
- পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিত ও পদধারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত এবং চারটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
-
- স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটিতে পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেয়। একই সময়ে নতুন কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে আসেন।
-
- পরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের মাঝে অবস্থান নেয়। একপর্যায়ে পদবঞ্চিত নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে অপর পক্ষকে ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পদধারী পক্ষের তিনজন আহত এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। পরে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
-
- বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ীদের রাখা হয়েছে। তাঁর দাবি, নতুন কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতু টোল প্লাজা এলাকায় অবস্থিত ‘দ্য বিরতি সেন্টার’ নামের একটি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। এছাড়া বিগত সময়ে তাঁকে দলীয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
-
- তবে এসব অভিযোগের বিষয়ে নতুন কমিটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
-
- দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, ‘আজ দুমকিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষ কর্মসূচি পালনকালে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের আহত হওয়ার খবর আমরা পাইনি।’
-
- ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
-
Tag :

























