দুই সংসদ সদস্য আজ শপথ গ্রহন করবেন মির্জা ফয়সাল ও এলিজা জামান
- Update Time : ০৮:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২২ Time View

আজিজ, প্রতিবেদক:
ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। একই দিনে সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানও শপথ নেবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
বিপুল ভোটে নির্বাচিত মির্জা ফয়সল আমীন
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন মির্জা ফয়সল আমীন।
নির্বাচন কমিশন গত ৩১ অক্টোবর তাঁর বিজয়ী হওয়ার গেজেট প্রকাশ করে।
যে কারণে শূন্য হয়েছিল আসনটি
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফয়সল আমীন।























