দাগনভূঁইয়ায় বোরকা পরে ‘গুপ্ত বাহিনীর’ হামলা! স্কুলছাত্রী মিথিলাকে অপহরণের চেষ্টা, স্বর্ণ-টাকা লুটের অভিযোগে তোলপাড়
- Update Time : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৫৮ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনীঃ
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার দক্ষিণ করিমপুর তরপহাজী বাড়িতে চাঞ্চল্যকর অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বোরকা পরে নারী সেজে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা চালায়। এসময় তারা ঘর থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৬ মে দুপুর আনুমানিক ১২টার দিকে। মিথিলা ইয়াসমিন স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের ভাষ্যমতে, অভিযুক্তরা প্রথমে বাড়ির রান্নাঘরে প্রবেশ করে মিথিলার মা সাবিনা ইয়াসমিনকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি টের পেয়ে মিথিলা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে কয়েকজনের মুখোশ খুলে যায়। পরিবারের দাবি, তখন স্থানীয় নাসির উদ্দিন ও তার ভাইকে উপস্থিত লোকজন চিনে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা মিথিলার মাকে মারধর করে আহত করে এবং মিথিলাকে জোরপূর্বক ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা চালায়।
তবে স্থানীয়দের উপস্থিতি বাড়তে থাকলে অপহরণের চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় পরিবার। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত সাবিনা ইয়াসমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে নাসির উদ্দিন গংয়ের বিরুদ্ধে অপহরণচেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ তোলে। তারা দাবি করেন, “নাসির উদ্দিনের অত্যাচারে দক্ষিণ করিমপুর এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা পরিবারের নিরাপত্তা ও দ্রুত বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।






















