ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত চোর
- Update Time : ১১:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১১৪ Time View

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের ঊনিশ মাইল নামক স্থানে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ আল মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রোববার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ আল মাসুদ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিটিক্যালের কর্মকর্তা রাসেল হোসেনের মোটরসাইকেল চুরি করে দ্রুতগতিতে মাসুদ নিরাপদ স্থানে যাচ্ছিলেন।
তিনি সদর উপজেলার ঊনিশ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুরি হওয়া মোটরসাইকেলটি ঝিনাইদহ সদর উপজেলার জয়রামপুর গ্রামের আলী কদরের ছেলে রাসেলের। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত। ঘটনার সময় তিনি ঝিনাইদহ শহরের পাশে পাগলাকানায় স্ট্যান্ডে কোম্পানির টাকা আদায় করছিলেন। এ সময় হঠাৎ দেখতে পান, কেউ একজন তার মোটরসাইকেল স্টার্ট করে নিয়ে পালাচ্ছে।
মোটরসাইকেল মালিক রাসেল জানান, তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে ধরতে ব্যর্থ হন এবং পরে অন্য একটি মোটরসাইকেলে করে অনুসন্ধান চালায়। তবে কিছু সময় পর তিনি চোরের সন্ধান হারিয়ে ফেলেন।
প্রায় আধা ঘণ্টা পর সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারই।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় নিহত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামাতের আমির আতিয়ার রহমানের ছেলে।
জামায়াত নেতার ছেলের মোটরসাইকেল চুরি ও দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন জানন, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্ঘটনায় মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি মোটরসাইকেল চোর কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

















