জীবননগরে গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড
- Update Time : ০৩:৩৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ৪৭ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কেজি ২০ গ্রাম গাঁজা। আটক তিনজন হলেন- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের রিফুজীপাড়ার মৃত একছেদ মণ্ডলের ছেলে লিটন মণ্ডল (৪২), লক্ষীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রাজু আহমেদ (২৭) এবং ফারুক হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪১)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলার দেহাটি এলাকা থেকে লিটন মণ্ডলকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা। আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পরবর্তীতে একই টিম জীবননগর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ নাহিদ হোসেনকে আটক করেন। তাদের প্রত্যেকের হেফাজত হতে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজু আহমেদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং নাহিদ হোসেনকে ৪০ দিনের বিনাশ্রাম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।




















