গবেষণা-উদ্ভাবনে শিক্ষার্থীদের এগিয়ে নিতে পবিপ্রবিতে আইটি কার্নিভাল
- Update Time : ০৮:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৬ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিএসই অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় ফিতা কেটে ও কেক কেটে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৌকির আহমেদসহ অনেকে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এ আইটি কার্নিভাল তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের অনন্য প্ল্যাটফর্ম। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইনের মতো প্রযুক্তি বর্তমান বিশ্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী হতে হবে।
তিনি বলেন, “পবিপ্রবি সবসময় শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনা শেষে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করুক। শিগগিরই একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে স্টার্টআপ প্রোগ্রাম আয়োজন করা হবে।”
পরে ভাইস-চ্যান্সেলর কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

























