কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতির নির্দেশ
- Update Time : ০১:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৭ Time View

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. সালাউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিধি অনুসরণ করে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত গত ৪ নভেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. সালাউদ্দিন ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিধিবহির্ভূতভাবে দায়িত্ব পালন করছেন। এ কারণে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কলেজে অধ্যক্ষ পদ শূন্য হলে অথবা অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০ জনের একটি তালিকা প্রস্তুত করতে হবে। ওই তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তাবক্রমে তিনজন শিক্ষকের একটি প্যানেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ১৮ ধারা অনুযায়ী গভর্নিং বডির সভাপতিকে সভা আহ্বান করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির বিশেষ নির্দেশনায় আরও বলা হয়েছে, এস. এম. সালাউদ্দিন এখন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কোনো ধরনের আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ নির্দেশনার পর কলেজটির প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।




















