হরিপুর দুপুরের পর ফাঁকা শিক্ষাপ্রতিষ্ঠান,শিক্ষার্থীরা ঝুঁকছে কোচিংয়েঃ ইউএনও
- Update Time : ০৪:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১৯২ Time View

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের হরিপুরে দুপুরের পর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থী থাকেন না। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের চেয়ে কোচিং ও প্রাইভেটমুখী হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) “চন্দন কর।”
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
ইউএনও চন্দন কর বলেন, “আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে দেখেছি, দুপুরের পর অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে যায়। বেশিরভাগ শিক্ষার্থী ক্লাস না করে কোচিং ও প্রাইভেটে সময় দিচ্ছে। এতে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী-তিন পক্ষকেই সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করতে হবে। অন্যথায় এই উপজেলার সামগ্রিক শিক্ষার ফলাফল ভালো করা সম্ভব নয়।
সভায় উপস্থিত ছিলেন “হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল হাকিম আজাদ,
উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের, আনসার ও ভিডিপি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

























