সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচনে সিদ্দিক আল মামুন সভাপতি, জসিম উদ্দিন ফরায়েজী সাধারণ সম্পাদক নির্বাচিত
- Update Time : ১১:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১০ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ; নবনির্বাচিতদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬–২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। এতে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) শহরের রাজাঝির দিঘির পাড়ে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান মনির উদ্দিন।
নির্বাচনে সভাপতি পদে সিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে পরাজিত করে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী জয় লাভ করেন। এই পদে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কনক চন্দ্র বনিক ও মিজানুর রহমান।
এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ পদে মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক পদে নুর হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ উদ্দিন শুভ ও শহীদুল ইসলাম (শাহ শহীদ)।
নির্বাচনের আগে সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি ওমর ফারুক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতা ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। উদ্বোধন করেন কেন্দ্রীয় মহাসচিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়নসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই। তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী তাদের প্রতিক্রিয়ায় সকল ভোটার ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



















