কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- Update Time : ১১:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৭ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাকিব, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেসা, পোট বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলন অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা। উদ্বোধনের পরপরই উৎসবমুখর পরিবেশে বালক ও বালিকা দলের অংশগ্রহণে প্রথম দিনে সকাল ও বিকালে মোট ২৪টি দলের ১২টি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের খেলায় বালক বিভাগে জয়লাভ করে কৃষ্ণনগর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাড়াশিমলা ইউনিয়নের উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিকা বিভাগে জয়ী হয় ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চম্পাফুল কুশুলিয়া ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, টুর্নামেন্টটি ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী শনিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে এবং রবিবার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করছেন বাচ্চু, মোমেন, রবিউল, রিফাত, শাকিব ও নাঈম।
























