যশোরে ৪ রাউন্ড গুলি ও পৌনে ৩ লাখ টাকা উদ্ধার, আটক ৩
- Update Time : ০৯:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

মাসুদ রানা (যশোর) থেকে : যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় শহিদুল তালুকদারসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার (৩৪) ও সুজন তালুকদার (২৭) এবং সহিদ খাঁর ছেলে ঝন্টু খাঁ (২৮)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় একটি ঘর থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, সেখানে তারা মাদক সেবনের আসর বসিয়েছিলেন। ঘটনাস্থল থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং আটক শহিদুল তালুকদারের হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















