টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে এবারও ঠাঁই পায়নি কুবি
- Update Time : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

শরীফুল ইসলাম,কুবি প্রতিনিধি:টাইমস হায়ার এডুকেশন (দ্যা) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৭ স্থান পায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)।
বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক অবস্থান ও বিভিন্ন সূচকে পারফরম্যান্সের অন্যতম তালিকায় বাংলাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত যার ২৫টি র্যাংকিংয়ে এবং ১০টি বিশ্ববিদ্যালয়”রিপোর্টার”হিসেবে তালিকাভুক্ত রয়েছে। যার কোনটিতেই স্থান পায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এবারের র্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫টি র্যাংকিংয়ে এবং ১০টি ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী, শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
১০০১ থেকে ১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৪০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১ থেকে ১৬০০ ব্যান্ডে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
র্যাংকিংয়ে স্থান পাওয়া ২৫টি বিশ্ববিদ্যালয়ের বাইরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এবারের র্যাংকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে অবস্থান করছে। অন্যদিকে গত বছর ৮০১ থেকে ১০০০ ব্যান্ডে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবার ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে রয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম এবারও র্যাংকপ্রাপ্ত ২৫টি বিশ্ববিদ্যালয় কিংবা ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের কোনোটিতেই নেই। ফলে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে কুবির কোনো অবস্থান প্রকাশিত হয়নি।























