ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: ৬০ বছরের বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- Update Time : ১২:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৫৪ Time View

আবু তালেব স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সেহাচর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (১০ জুন) বিকেলে দক্ষিণ সেহাচর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বৃদ্ধ কৌশলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকেই স্থানীয় জনতা অভিযুক্ত বৃদ্ধকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। পরে ফতুল্লা মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
“অভিযুক্ত বৃদ্ধ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















