শ্যামনগরে অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
- Update Time : ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ২ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েক দিনের টানা অতিবৃষ্টি ও দমকা হাওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে অসময়ের এই বৈরী আবহাওয়ায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উপকূলীয় এই জনপদের হাজারো কৃষক।সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে নিচু এলাকার অধিকাংশ আমন ক্ষেতে হাঁটুসমান পানি জমে গেছে। দমকা হাওয়ায় মাঠের পর মাঠ পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক কৃষক ধান কেটে মাঠেই শুকানোর জন্য রেখেছিলেন, যা বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। রোদ না উঠলে পানিতে ডুবে থাকা ও ভেজা ধানে অঙ্কুরোদগম (চারা গজানো) শুরু হওয়ার পাশাপাশি ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা জানান, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে বোরো মৌসুমে অধিকাংশ জমি পতিত থাকে। ফলে আমন ধানই এ অঞ্চলের কৃষকদের সারা বছরের জীবিকার প্রধান ভরসা। চলতি মৌসুমের শুরুতে সেচ সংকট কাটিয়ে ভালো ফলনের আশা দেখছিলেন তারা। কিন্তু ফসল ঘরে তোলার শেষ সময়ে এসে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সেই আশায় জল ঢেলে দিয়েছে। পানিতে নুয়ে পড়া ধান কাটতে ও ঘরে তুলতে এখন দ্বিগুণ শ্রমিক খরচ গুনতে হচ্ছে, যা প্রান্তিক চাষিদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।এ ছাড়া ধানের পাশাপাশি আগাম শীতকালীন শাকসবজি ও সরিষা ক্ষেতে পানি জমে চারা পচে যাওয়ার উপক্রম হয়েছে। অপরিকল্পিত মৎস্য ঘের ও খাল-বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় মাঠ থেকে দ্রুত বৃষ্টির পানি নামতে পারছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।




















